টঙ্গী ও গাজীপুরের জনপ্রিয় নেতা, জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় দীর্ঘ কারাবাস থেকে নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নিজস্ব প্রতিবেদক//
আজ টঙ্গী পূর্ব থানা যুবদলের উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন যুবদল নেতা সানজিদ আহমেদ মিথুন।
মিছিলটি টঙ্গীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে যুবদল ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে তীব্র প্রতিবাদ ও বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে বক্তব্য প্রদানকালে সানজিদ আহমেদ মিথুন বলেন, “বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকার গাজীপুর ও টঙ্গীর আপামর জনমানুষের আস্থার প্রতীক। তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন ও নিষ্ক্রিয় করার উদ্দেশ্যেই এই মিথ্যা ও সাজানো মামলা দিয়ে আটকে রাখা হয়েছে। একজন বীর মুক্তিযোদ্ধাকে এভাবে বন্দি রাখা অত্যন্ত নিন্দনীয়। আমরা অবিলম্বে তার বিরুদ্ধে দায়েরকৃত সব ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। অন্যথায় রাজপথে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”
মিছিলে অন্যান্য নেতৃবৃন্দও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের দ্রুত মুক্তি নিশ্চিত করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।