মেয়েটির বাবা কোথায় তথ্য নেই পুলিশের কাছে
গাজীপুর, টংগী প্রতিনিধি /
টঙ্গীর আলোচিত করীউল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসার শিশুশিক্ষার্থী নিপীড়ন মামলার বাদী মেয়েটির বাবা কোথায় আছেন পুলিশ তা জানে না। তিনি দেশে না বিদেশে তার কোনো তথ্য নেই পুলিশের কাছে। তবে পুলিশ বলছে, তিনি গা ঢাকা দিয়েছেন। গতকাল মঙ্গলবার টঙ্গী পশ্চিম থানার পুলিশ এই তথ্য জানায়।
পুলিশের দেওয়া তথ্য মতে, ২১ অক্টোবর টঙ্গীর মধ্য আউচপাড়ায় করীউল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষক মোসলেম আহমেদকে প্রথম শ্রেণির এক শিশুশিক্ষার্থীকে নিপীড়ন করার অভিযোগে গ্রেপ্তার করা হয়। এই মামলার বাদী মেয়ের বাবা শাহজালাল রুমি। এ ছাড়া মাদরাসা কর্তৃপক্ষ ভাঙচুর, লুটপাট ও জখম করার অভিযোগ এনে শাহজালাল রুমিকে প্রধান আসামি করে পাল্টা মামলা করে। দুটি মামলাই বর্তমানে তদন্তাধীন। শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত শিক্ষক মোসলেম আহমেদ বর্তমানে কারাগারে রয়েছেন।
এই অবস্থায় সোমবার রাতে সেই শিশুর বাবা শাহজালাল রুমি দেশত্যাগ করেছেন বলে সংবাদমাধ্যমে খবর বেরিয়েছে।
এদিকে সোমবার রাতে রুমির একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, যেখানে বিদেশে যাওয়ার কথা বলেছেন রুমি।
টঙ্গীতে শিশু নিপীড়ন
টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, ‘শাহজালাল রুমি কোথায় আছেন, দেশে না বিদেশে তা স্পষ্ট নয়। তবে তিনি গা ঢাকা দিয়েছেন, এটা সঠিক।’ টঙ্গীর কলেজগেটের আউচপাড়া ৭৪/১ এসএস একাডেমি রোডের ১০ তলা এলাকার ভবনের ষষ্ঠ তলার একটি ফ্ল্যাটে থাকত নির্যাতিতা শিশুটির পরিবার। এই ফ্ল্যাটে থেকে টঙ্গীর সফিউদ্দিন রোডের মধ্য আউচপাড়ার ১৯৩ নম্বর বাড়িতে অবস্থিত করীউল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসায় প্রথম শ্রেণিতে পড়ে শিশুটি। কিছুদিন আগে শিক্ষক মোসলেম আহমেদ মেয়েটিকে নিপীড়ন করেন। এর পর থেকে আর সে মাদরাসায় যায় না। ২১ অক্টোবর শিশুর বাবা মাদরাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে চড় দেন। এ ঘটনায় পাল্টাপাল্টি মামলা করার পর থেকে রুমি পরিবার নিয়ে অজ্ঞাত স্থানে চলে গেছেন বলে জানিয়েছেন।