বিসিক শিল্পনগরীর গ্লিমার ফ্যাশনের বর্জ্যে বিপর্যস্ত পরিবেশ, স্বাস্থ্যঝুঁকিতে এলাকাবাসী
রিপোর্টার// মোখলেসুর রহমান
টঙ্গীর বিসিক শিল্পনগরীর গ্লিমার ফ্যাশন লিমিটেড (পূর্বের নাম রাজ্জাক টেক্সটাইল) কারখানার বর্জ্য ও দূষণে চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন স্থানীয় এলাকাবাসী। কারখানাটি থেকে নির্গত ক্ষতিকর গ্যাস, বর্জ্য ও ধোঁয়া জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। অভিযোগ রয়েছে, কারখানাটি থেকে নিয়মিত কাপড়ের পিস, ঝুট তুলো, সুতার উচ্ছিষ্ট ও ধুলাবালি মেশানো বর্জ্য এবং রোগজীবাণু বহনকারী লুব্রিকেন্ট ওয়েল বা তেল সরাসরি আশপাশের ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় নির্গত হচ্ছে। এর ফলে এলাকার শিশু থেকে শুরু করে বয়স্করা পর্যন্ত শ্বাসকষ্ট, হাঁপানি, কাশি ও চর্মরোগসহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছেন।
স্থানীয়দের মতে, পরিবেশের জন্য অত্যন্ত বিপজ্জনক ও হুমকিস্বরূপ এই কারখানাটির অনিয়মের বিরুদ্ধে গার্মেন্ট কর্তৃপক্ষকে একাধিকবার অভিযোগ জানানো হলেও তারা কোনো কর্ণপাত করছে না।
এমতাবস্থায়, জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় অবিলম্বে স্থানীয় পরিবেশ অধিদপ্তর, ভ্রাম্যমাণ আদালত এবং স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।