টঙ্গীতে শ্রমিকদের ৩০ হাজার টাকা মজুরির দাবি এবং নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ও পথসভা
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:
গার্মেন্টস শ্রমিকদের জন্য ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক মজুরি নির্ধারণের দাবি এবং আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টায় টঙ্গী স্টেশন রোডের সরকার বাড়ি এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির শুরুতে সেখানে একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পরে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশগুলো প্রদক্ষিণ করে পুনরায় স্টেশন রোড এলাকায় এসে শেষ হয়।
মিছিল শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাসান উদ্দিন সরকার বলেন, “শ্রমিকদের ঘাম ঝরানো পরিশ্রমের ন্যায্য পাওনা নিশ্চিত করতে হবে। বর্তমান বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে সামঞ্জস্য রেখে শ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি অত্যন্ত যৌক্তিক।”
পথসভায় আরও বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, মহানগর বিএনপি নেতা সরকার শাহনুর ইসলাম রনি এবং টঙ্গী থানা বিএনপির সাবেক শিল্পবিষয়ক সম্পাদক নবীন হোসেন।
বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য আন্দোলনকে পুঁজি করে কোনো কুচক্রী মহল যাতে শিল্পাঞ্চলে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ বা নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। একই সঙ্গে কোনো ধরনের উসকানিতে কান না দিয়ে শ্রমিক ভাই-বোনদের কর্মস্থলে ফিরে গিয়ে উৎপাদন কার্যক্রম সচল রাখার আহ্বান জানান তাঁরা।
শিল্পকারখানার স্বাভাবিক পরিবেশ বজায় রাখা এবং শ্রমিকদের অধিকার সুরক্ষায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন নেতৃবৃন্দ। কর্মসূচিতে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক - মোঃ আওলাদ হোসেন
নির্বাহী সম্পাদক - মোঃ মিনহাজ উদ্দিন (শাহরিয়ার)
_______________________
কার্যালয়ের ঠিকানা : টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড,মাছিমপুর,টঙ্গী,গাজীপুর সিটি করর্পোরেশন।
মোবাইল নম্বর: +৮৮০১৮১৭-৫১৭২৮৯, +৮৮০১৭৮২-১৭০৭৪১
ই-মেইল- Thedailydhakarkagoj.com@gmail.com
All rights reserved (Itsahreiar) © 2025