আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় নির্দোষদের মুক্তির দাবিতে ৪৪ নম্বর ওয়ার্ডে দোয়া মাহফিল
স্টাফ রিপোর্ট/ আজিম শেখ
গাজীপুরে শহীদ আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মামলায় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকার, গাজীপুরের গণমানুষের জনপ্রিয় জননেতা মো. নুরুল ইসলাম দিপুসহ নির্দোষ সকলের মুক্তি ও ন্যায়বিচার কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৪৪ নম্বর ওয়ার্ড এলাকার মুরব্বি, স্থানীয় প্রতিবেশী এবং মানবতার বাতিঘর সংগঠনের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা মহান আল্লাহর দরবারে নির্দোষ ব্যক্তিদের মুক্তি, ন্যায়বিচার ও সকলের কল্যাণ কামনা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৪৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. দুলাল মিয়া। দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এলাকার সম্মানিত মুরব্বি মো. মহিউদ্দিন মহি। এছাড়া বক্তব্য দেন মো. বাবুল চৌধুরী ও মো. আনোয়ার হোসেন।
দোয়া মাহফিলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে উপস্থিত মুরব্বিদের সঙ্গে কথা বলেন জনাব মো. নুরুল ইসলাম দিপু। এ সময় তিনি বলেন, “আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার সঙ্গে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকার, আমি নুরুল ইসলাম দিপুসহ যাদের আসামি করা হয়েছে, তাদের কেউই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয়।”
তিনি আরও বলেন, “আমি আহসান উল্লাহ মাস্টার সাহেবের ছেলে জাহিদ আহসান রাসেলের সঙ্গে কথা বলেছি। আমি তাকে বলেছি—তোমার বাবার আত্মার শান্তির জন্য যারা প্রকৃতপক্ষে এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নাও। আর যারা নির্দোষ হয়েও ষড়যন্ত্রের শিকার হয়ে এই মামলায় আসামি হয়েছেন, তাদের অব্যাহতির ব্যবস্থা করো। তাহলেই তোমার বাবার আত্মার প্রকৃত শান্তি প্রতিষ্ঠিত হবে।”
নুরুল ইসলাম দিপু আরও বলেন, সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য আইনি প্রক্রিয়ার প্রতি আস্থা রেখে তিনি ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন। তিনি আশা প্রকাশ করেন, সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটিত হবে এবং নির্দোষ ব্যক্তিরা আইনি জটিলতা থেকে মুক্তি পাবেন।
বক্তারা বলেন, একটি হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা যেমন জরুরি, তেমনি নির্দোষ কোনো ব্যক্তি যেন হয়রানি বা অন্যায়ের শিকার না হন, সেটিও নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।
দোয়া মাহফিল শেষে শহীদ আহসান উল্লাহ মাস্টারের রুহের মাগফিরাত, মামলায় অভিযুক্ত নির্দোষ ব্যক্তিদের মুক্তি, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সংশ্লিষ্ট সকল পরিবারের শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশক - মোঃ আওলাদ হোসেন
নির্বাহী সম্পাদক - মোঃ মিনহাজ উদ্দিন (শাহরিয়ার)
_______________________
কার্যালয়ের ঠিকানা : টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড,মাছিমপুর,টঙ্গী,গাজীপুর সিটি করর্পোরেশন।
মোবাইল নম্বর: +৮৮০১৮১৭-৫১৭২৮৯, +৮৮০১৭৮২-১৭০৭৪১
ই-মেইল- Thedailydhakarkagoj.com@gmail.com
All rights reserved (Itsahreiar) © 2025