সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা
স্টাফ রিপোর্টার : রাজধানীর উত্তরায় উৎসবমুখর ও জমকালো আয়োজনে “সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন (এসএনএমসি)” এর সাধারণ সভা, আলোচনা সভা এবং ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৫ মে) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে সংগঠনের এ গুরুত্বপূর্ণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
সকালে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সম্পাদক, সাংবাদিক নেতা, সদস্য ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানের সূচনা হয়। জুমার নামাজের পূর্বে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রম এবং সাংবাদিক সমাজের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রথম পর্ব অনুষ্ঠিত হয় উত্তরার সেক্টর-৮ এলাকায় অবস্থিত সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে। পরে জুমার নামাজ শেষে অংশগ্রহণকারীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। পরবর্তীতে উত্তরার নূর ক্যাফে এন্ড রেস্টুরেন্টে মূল সাধারণ সভা ও আলোচনা পর্ব শুরু হয়।
দুপুর ২টায় শুরু হওয়া সভায় সংগঠনের প্রধান উপদেষ্টা শামসুল হক ৪১ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন। এতে সর্বসম্মতিক্রমে এ কে এম আজিজুল হক সভাপতি এবং মোঃ কালিমুল্লাহ ইকবাল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়াও কামাল খান সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব লাভ করেন।
প্রধান অতিথির বক্তব্যে শামসুল হক বলেন, “দেশ ও জাতির কল্যাণে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কোনো বিকল্প নেই। নতুন কমিটিকে সাহসিকতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে সমাজের অন্যায়, দুর্নীতি ও অপসংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।”
সভায় বক্তারা সাংবাদিকতার নৈতিকতা, পেশাগত দায়বদ্ধতা, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা এবং সমাজ উন্নয়নে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই পারে একটি সুন্দর, দুর্নীতিমুক্ত ও মানবিক সমাজ গঠন করতে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ রোমান শেখ, আব্দুল ওহাব রিংকু, বিদায়ী সাধারণ সম্পাদক মনির হোসেন চৌধুরী, মোসলেহ উদ্দিন বাচ্চু, কবি ও লেখক আবুল খায়ের, ইসমাইল হোসেন, অ্যাডভোকেট মানিক, এইচ এম মাহফুজুলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নতুন কমিটি ঘোষণার পর উপস্থিত সদস্যরা নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সংগঠনকে আরও শক্তিশালী, আধুনিক, ঐক্যবদ্ধ ও জনমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে দেশের সাংবাদিক সমাজের অধিকার আদায়, পেশাগত মর্যাদা রক্ষা এবং গণমাধ্যমের ইতিবাচক উন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথিরা বলেন, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন দেশের সাংবাদিক সমাজের ঐক্য, ন্যায়ভিত্তিক সাংবাদিকতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও সংগঠনটি গণমাধ্যমকর্মীদের কল্যাণে আরও বৃহৎ পরিসরে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
সম্পাদক ও প্রকাশক - মোঃ আওলাদ হোসেন
নির্বাহী সম্পাদক - মোঃ মিনহাজ উদ্দিন (শাহরিয়ার)
_______________________
কার্যালয়ের ঠিকানা : টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড,মাছিমপুর,টঙ্গী,গাজীপুর সিটি করর্পোরেশন।
মোবাইল নম্বর: +৮৮০১৮১৭-৫১৭২৮৯, +৮৮০১৭৮২-১৭০৭৪১
ই-মেইল- Thedailydhakarkagoj.com@gmail.com
All rights reserved (Itsahreiar) © 2025